স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমিটি অনুমোদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক রাজু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাবু পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যেমন দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তেমনি নতুন প্রজন্মেরও মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও ঐতিহ্য ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসা উচিত। তিনি মুক্তিযোদ্ধা সন্তানদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন।
সভাপতির বক্তব্যে রাজু পাটওয়ারী বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং একে অপরের সহযোগিতায় কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবগঠিত ইউনিয়ন ও পৌর কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।


