নজরুল বর্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘নজরুল বর্ষ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আয়েশা আক্তার, মিজানুর রহমান, রেহেনা আক্তার, শওকত হোসেন, আফসার খান, জুলহাস হোসেন, লিটন মজুমদার, অপু চন্দ্র, হাসান আহমেদ, রোকসানা আক্তার ও সাফায়েত হোসেন।

চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নজরুলবিষয়ক কুইজের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হতে হবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী ঘোষণা করেন সংগঠনের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী।

উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদ ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নজরুলবিষয়ক কুইজ, প্রীতি বিতর্ক, সেরা শিক্ষার্থী পুরস্কার, লিফলেট ও ফেস্টুন বিতরণ, বই বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ, সেমিনার এবং সমাপনী অনুষ্ঠান।