চাঁদপুর সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী কম্পিউটার কোর্সের ৮ম ও ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৮ম ও ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) কলেজের সিইডিপি-আইডিজি কম্পিউটার ল্যাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স সমন্বয়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাসুদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণ, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম ও ফাতেমা আক্তার।