স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত ‘ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁ’ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা এবং ধনাগোদা নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এর সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা। এ সময় তাকে সহায়তা করেন মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস টিম।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভাসমান রিসোর্টটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত হয়ে আসছিল। তাদের অভিযোগ, রিসোর্টটিতে বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা এসে আড্ডা দিতেন, যার কারণে সামাজিক পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। অনেকেই দাবি করেন, শিক্ষার্থীদের একটি অংশও ক্লাস ফাঁকি দিয়ে সেখানে সময় কাটাত।
স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের এ পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা অবৈধভাবে পরিচালিত রিসোর্টটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তবে রিসোর্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


