স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা এলাকায় মরহুম কামাল স্মরণে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“আসুন সবাই একসাথে মিলিত হই, মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনালে রিয়াল মাদ্রিদ একাদশ ও ম্যানচেস্টার সিটি একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি। একটি পরিবার ও সমাজ ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট। তাই যুবসমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। কাদরা থেকে শুরু করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহরম আলী। এছাড়াও বক্তব্য রাখেন মরহুম কামাল হোসেনের বড় ভাই মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।


