স্টাফ রির্পোটার:
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো.মমিনুল হক।
এর আগে প্রধান অতিথি সকাল ১০টায় হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রায় ২ ঘণ্টা সরজমিনে হাসপাতালের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বেলা ১২টায় হাসপাতালের ব্যস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জি. মো.মমিনুল হক বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাক্সিক্ষত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং রোগীদের হয়রানি কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১শ শয্যায় উন্নীত করা হচ্ছে। ১শ শয্যায় উন্নীত হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম.এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, পৌর যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাসেল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রোগীদের স্বজনরা উপস্থিত ছিলেন।


