স্টাফ রির্পোটার:
ফরিদগঞ্জ উপজেলার ‘মুক্ত স্কাউট’ গ্রুপের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফুলের মতো। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সর্বত্র ফুলের মতো ছড়িয়ে দিতে হবে। স্কাউটসরা নিজেদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দেশের সেবা করে। জাতীয় দুর্যোগে তারা নিজের পরিবার ছেড়ে ছুটে যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। স্কুল জীবন থেকেই স্কাউটিং এর মাধ্যমে একজন চরিত্রবান ও আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব। ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এই আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী স্কাউটরা দুর্যোগে তাদের করণীয় বিষয়ে অনেক কিছু শিখতে পারবে। এসময় তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী যে সকল স্কাউটদের কেডস নেই, তাদের কেডস দেয়ার ঘোষণা দেন।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট দলের সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সহ-সভাপতি মশিউর রহমান। আরো বক্তব্য দেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সামসুল আমিন এল.টি, কোর্সের ক্যাম্প লিডার হিতেশ চন্দ্র শর্মা। তরুণ সমাজসেবক আব্দুল মতিন ও এস.আই আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক (রোভার) শামীম হাসান, ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম পাটওয়ারী, স্কাউট প্রশিক্ষক মোফাজ্জল হোসেন, রাজিয়া সুলতানা।
২ দিনব্যাপী ক্যাম্পে ফরিদগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫২ জন স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবমুখী নানা কার্যক্রমের মধ্য দিয়ে তারা দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।


