স্টাফ রিপোর্টার:
ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব-এর পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে এই সভা অনুষ্ঠিত হয়।আশ্রম অধ্যক্ষ এবং পরিচালনা পরিষদের সভাপতি ব্রহ্মচারী সুরেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও ‘চরিত্রগঠন আন্দোলন পরিষদ’ -এর প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর অযাচক আশ্রমের পক্ষে নিযুক্ত বিশিষ্ট আইনজীবী আ্যড. নুরুল আমিন দেওয়ান, অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, আ্যড. পলাশ মজুমদার। সভার শুরুতে আশ্রমের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আশ্রমের সমন্বয়কারী সম্পাদক তাপস কান্তি সরকার। নির্ধারিত আলোচ্যসূচির উপর সাংগঠনিক বক্তব্য রাখেন আশ্রমের পরিচালনা পরিষদের সহ-সভাপতি প্রফেসর রাধেশ্যাম কুরী, প্রফেসর বিমল সরকার, প্রবীর সাহা, যুগ্ম-সম্পাদক সুকুমার রায়, আইন বিষয়ক সম্পাদক সুধাংশু সূত্রধর, চরিত্রগঠন আন্দোলন বিষয়ক সম্পাদক মৃদুল কান্তি দাস, প্রচার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রণব সাহা, ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব সুভাষ দাস, কার্যনির্বাহী সদস্য সমর দাস ও উত্তম কর্মকার প্রমুখ।
সভায় প্রধান অতিথি রোটারিয়ান কাজী শাহাদাত বলেন, অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের চরিত্রগঠন আন্দোলন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের জনগণের মাঝে গ্রহণযোগ্য। বর্তমান যুগে মানুষের মধ্যে চরিত্রগঠন বিষয়ে ব্যাপক প্রচার ও প্রসারের প্রয়োজন। তিনি চরিত্রগঠন আন্দোলন পরিষদকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় বিশেষ অতিথিবৃন্দ স্বামী স্বরূপানন্দের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন আইনগত পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক, রোটারিয়ান জনাব কাজী শাহাদাতকে চরিত্র গঠন আন্দোলন পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট চিকিৎসক ডা. পীযূষ বড়ুয়াকে (এমবিবিএস) সদস্য-সচিব, পাপড়ি বর্মণ ও রাজন চন্দ্র দে-কে যুগ্ম-সদস্য-সচিব, মানিক সাহা, রিপন সরকার, অনিক পাল ও আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস এবং সমন্বয়কারী সম্পাদক তাপস কান্তি সরকার পদাধিকার বলে উক্ত কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন বলে উক্ত গুরুত্বপূর্ণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯ সদস্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ সংগঠন কর্মীদেরকে নিয়ে চাঁদপুর অযাচক আশ্রমের ১টি সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সম্মানিত উপদেষ্টা পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন: প্রদীপ সাহা (হাজীগঞ্জ), সমীর ভদ্র (নারায়ণগঞ্জ), অধ্যক্ষ শ্রী অশোক তরু সাহা (ঝালকাঠি, বরিশাল), বিজয় কৃষ্ণ পাল, (হাজীগঞ্জ), শ্রী নিবারণ চন্দ্র দাস (ফেনী), প্রকৌশলী শ্রী অর্ধেন্দু শেখর দেবনাথ (খুলনা), ডা. ভজন তলাপাত্র (চট্টগ্রাম), বিমল চৌধুরী (ঢাকা), অধ্যাপক হিমাংশু শেখর সূত্রধর (হবিগঞ্জ, সিলেট)।
সভার শেষে আশ্রম অধ্যক্ষ ব্রহ্মচারী সুরেশ মজুমদার মহোদয়ের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দরা আশ্রম কর্তৃক প্রস্তুতকৃত আয়ুর্বেদ কবিরাজি ঔষধের শো-রুম (আশ্রমের গেট সংলগ্ন) শুভ-উদ্বোধন করেন।


