স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন বলেছেন, ভালোবাসার চাইতে মানুষের বড় কোন সম্পদ প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই আগামীর পথ চলায় মানুষের ভালোবাসা এবং দোয়াই আমি কামনা করি। মানুষ এবং সমাজের জন্য কিছু করতে পারলেই আমার জীবন সার্থক হবে বলে বিশ্বাস করি। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বাদ জুমা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদি এলাকায় স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব মোশারফ হোসাইন আরো বলেন, চাঁদপুর পৌরসভা দেশের প্রাচীনতম একটি প্রতিষ্ঠান। কিন্তু অনেক সম্ভাবনা থাকার পরেও এই শহরে তেমন একটা উন্নয়ন হয়নি। পৌরসভা নাগরিকরা এখনো আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি মনে করি সঠিক নেতৃত্ব পেলে নাগরিকদের সেবার মান অনেক বৃদ্ধি পাবে। এজন্য প্রয়োজন সৎ এবং যোগ্য নেতৃত্ব।
তিনি আরো বলেন, আমি চাঁদপুর পৌরসভাকে সত্যিকারের একটি নাগরিক সেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মেয়র হওয়ার ইচ্ছে পোষণ করেছি। এজন্য আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করি। পাশাপাশি আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করব, যার দ্বারা পৌরসভা নাগরিকদের আমানতের সঠিক মূল্যায়ন হবে, তাকেই যেন মহান আল্লাহ এই পৌর মেয়র হিসেবে কবুল করেন। আমি কথা দিচ্ছি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে আপনাদের আমানতের খিয়ানত করবো না।
এদিকে নামাজ শেষে আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বিষ্ণুদী মিজি বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান মিজির ভস্মীভূত বসতভিটা পরিদর্শন করেন। এসময় তিনি তার ব্যক্তিগতভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমানকে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের সমস্যার কথা শুনেন। তিনি বলেন, যদি আল্লাহ আমাকে চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে কবুল করে, তবে কথা দিচ্ছি আপনাদের সমস্যাগুলো সমাধানে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


