মেঘনায় ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্টসহ ‘এইচ এম পরিবহন’ নামে একটি ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় ট্রলারে থাকা চার আরোহীকে স্থানীয় মাঝিদের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ‘এইচ এম পরিবহন’ ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের মুখে এবং শহরতলীর বাগড়া বাজার ঘাটে পৌঁছানোর আগেই বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ট্রলারটি সিমেন্টসহ নদীতে ডুবে যায়।

ট্রলারটির সুকানি হিসেবে দায়িত্বে ছিলেন আইয়ুব আলী। দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা স্থানীয় মাঝিরা এগিয়ে এসে সুকানিসহ ট্রলারে থাকা চার আরোহীকে নিরাপদে উদ্ধার করেন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর বলেন, কোম্পানির সিমেন্টের ক্ষয়ক্ষতির হিসাব হয়তো করা সম্ভব হবে। কিন্তু ট্রলার মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রয়োজন।