স্টাফ রিপোর্টার:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুরকামতা ও ফটিকখিরা এলাকার সড়কের দুই পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য মো. ইউসুফ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, মো. ইউনুস গাজী, সাধারণ সম্পাদক মো. রাছেল হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ অহিদুর রহমান, ইউনিয়ন কৃষক দল নেতা মো. মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।


