স্টাফ রির্পোটার:
চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির কমিটিতে যারা রয়েছেন তারা বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনারা ভালো কাজ করবেন সরকার আপনাদের পাশে আছে। মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার সকালে চাঁদপুর শহরের রাজবাড়ি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা বিএনপি আয়োজিত সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সলিমুস সালাম, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টামণ্ডলী ও পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে শোক প্রস্তাব ও দোয়া করা হয়। এরপর নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সংগঠনের কার্যবিবরণী তুলে ধরা হয়।


