স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, সরকারের নিয়ম মেনে জেলেরা যদি চলে তাহলে সবচেয়ে সুবিধা বেশি তারাই পাবে। সারাদেশে চাঁদপুরের ইলিশের ব্যাপক সুনাম রয়েছে কয়েকটি কারণে সে সব নষ্ট হয়ে যাচ্ছে, এরমধ্যে অন্যতম কারণ হচ্ছে অবৈধ কয়েকটি জাল ব্যবহার করে নদীতে মাছ ধরায় ছোট ছোট মাছ গুলা ধরা পড়ে যাচ্ছে। পাশাপাশি সারা বাংলাদেশে অনলাইনে চাঁদপুরের ইলিশ বলে কম দামে বিক্রি করার নামে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ যদি এগিয়ে আসে তাহলে প্রশাসনের কাজ করতে সুবিধা হবে। যেমনিভাবে ফ্যাসিবাদের আন্দোলন এর সময় নারী-পুরুষ সকলে মিলে ঘর থেকে বের হয়ে এসেছে। তদ্রƒপ ভবিষ্যতেও এভাবেই সকল জনগণকে এগিয়ে আসতে হবে। জেলেরা যদি চায়না এবং ছোট জাল ব্যবহার বন্ধ করে তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। যদি জেলেরা অবৈধ জাল ব্যবহার বন্ধ করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সহযোগিতা করে তাহলে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নৌ পুলিশ সৈয়দ মুশফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাহ।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সিফাত খালিদ সিমন, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল বিএম মোস্তফা কামাল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ তায়েফা আহমেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীমহল ও মৎস্যজীবীগণের অংশগ্রহণে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র্যালি নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়, এরপর উপজেলা প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সব শেষ উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখায় মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


