শতভাগ ফলাফল অর্জনে আদর্শ একাডেমিতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আদর্শ একাডেমিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শতভাগ ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

সমাবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে আসন্ন এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক আরও কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরীক্ষা পর্যন্ত অবশিষ্ট সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত মূল্যায়ন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কর্মকৌশল নির্ধারণ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু বিদ্যালয়ের শিক্ষক নয়, অভিভাবকদেরও নিয়মিত ভূমিকা রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।