চাঁদপুর রেড ক্রিসেন্টকে গতিশীল করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করা, মানবিক সেবা সম্প্রসারণ, পুরানবাজারের হাসপাতালটি পুনরায় চালু এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবনের ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর রেড ক্রিসেন্ট এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লা সেলিম।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, “আমরা একটি পরিবার। নতুনভাবে এই পরিবারের যাত্রা শুরু করেছি। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটকে কার্যকর ও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছি। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আত্মমানবতার সেবায় কাজ করব।”

তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে রেড ক্রিসেন্টকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সংগঠনের মূল চালিকাশক্তি যুব রেড ক্রিসেন্ট। তাদের অগ্রভাগে রেখে মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করা হবে।

অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম আরও বলেন, পুরানবাজারে রেড ক্রিসেন্টের একটি হাসপাতাল রয়েছে। সাধারণ ও অসহায় মানুষ যাতে কম খরচে চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকার হেডকোয়ার্টারের সঙ্গে আলোচনা করে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি এ দায়িত্ব দেওয়ার জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় চাঁদপুর রেড ক্রিসেন্ট এডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক মো. নুরুল করিমের পরিচালনায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুনির চৌধুরী, সদস্য তমাল কুমার ঘোষ, অ্যাডভোকেট কুহিনুর বেগম, সাংবাদিক কাজী শাহাদাত, সাংবাদিক সোহেল রুশদী, ডা. মো. জাহাঙ্গীর খান, ডা. জওহর লাল আচার্য্য, আলমগীর আলম জুয়েল ও মো. রিয়াজুর রহমান রানা।

এ সময় চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ মহিউদ্দিন রাসেলসহ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে যুব রেড ক্রিসেন্ট ও সংগঠনের পক্ষ থেকে এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় আগামী তিন মাসের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন, রেড ক্রিসেন্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

এ ছাড়া চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য একটি অভ্যন্তরীণ অডিট কমিটি গঠনসহ আরও কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।