স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির সন্ধান পায় পুলিশ। চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করত।
পুলিশের অভিযানে গত ২০ আগস্ট রাতে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান ওরফে সাজিদ ও হেদায়েত হুজুর (৪১) এবং একই রাতে চাঁদপুর মধ্যপাড়া এলাকা থেকে মোঃ রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ও রাব্বী শরীফ (৩৬)-কে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা ডিবি পুলিশের এসআই আনছার উল্লাহ ও এসআই জিয়াউল হক জিয়ার সমন্বয়ে পরিচালিত অভিযানে কালিয়া থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানে এলআইসি শাখার এএসআই ইলিয়াছ শাহ, ডিবির এএসআই জহির উদ্দিনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য আলামত প্রাথমিকভাবে প্রতারণার কাজে ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে যোগসাজশে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অনলাইন প্রতারণার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


