চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার, ছায়াবানীর মোড় ও স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাবার বিক্রির জন্য সংরক্ষণ এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় তুবা মার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লাইসেন্স নবায়ন না থাকা, ক্যাশ মেমো ব্যবহার না করা এবং নষ্ট-পচা ইলিশ মাছ বিক্রির দায়ে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে ৪ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ফুড বাইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নীনা আক্তার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।