শাহরাস্তির শোরসাকে মাদকবিরোধী র‍্যালি ও সভা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তির শোরসাকে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক বাজারে এ মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিতে প্রায় ৩শ থেকে ৪শ জন অংশ নেন।

র‍্যালি শেষে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।