মতলবে নিখোঁজ তরুণী ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার ॥ অভিযুক্ত হিন্দু যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

মতলব দক্ষিণ উপজেলার সুমাইয়া আক্তার ইতি (১৭) নামে এক তরুণী নিখোঁজের পর উদ্ধার করা হয়েছে এবং তরুণীকে অপহরণের দায়ে শুভ দেবনাথ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে যুবককে গ্রেপ্তার ও তরুণীকে উদ্ধার করা হয়।

উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের তেলিমাছুয়াখাল গ্রামের চারু মিয়া খন্দকার ও জোসনা বেগম দম্পতির মেয়ে সুমাইয়া আক্তার ইতি। একই উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর গ্রামের গনেশ চন্দ্র দেবনাথের ছেলে শুভ দেবনাথ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর ২১ আগস্ট থানায় জিডি করে মেয়ের পরিবার। পরে ২৫ আগস্ট (মঙ্গলবার) নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন তরুণীর মা জোসনা বেগম। এরপর তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম চালানো হয়। অনুসন্ধানের একপর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে সুমাইয়া আক্তার ইতি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের দিকনির্দেশনায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে ও এসআই (নিঃ) মো. ইমতিয়াজ কবির ফোর্সসহ থানা পুলিশের আভিযানিক টিম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন এলাকায় যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচরের মাধ্যমে বায়েক ইউপির ৫নং ওয়ার্ডের বাড়িখোলা গ্রামে অভিযান পরিচালনা করে বুধবার (২৬ আগস্ট) ভোরে সুমাইয়া আক্তার ইতিকে নিরাপদে উদ্ধার এবং মামলার এজাহারনামীয় আসামি শুভ দেবনাথ (২২)-কে গ্রেপ্তার করে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ নিরাপত্তার সঙ্গে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

এ বিষয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, একজন হিন্দু যুবক একজন মুসলিম কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা রুজু করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় কারও ধর্মীয় বিশ্বাস বা অনুভূতিতে আঘাত না লাগে এবং কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।