স্টাফ রিপোর্টার:
নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিনব্যাপী চাঁদপুর থিয়েটার ফোরাম আয়োজিত নাট্যোৎসবের সপ্তম দিন নৃত্যানুষ্ঠান ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত। সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাবেক সভাপতি তপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এমআর ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, শিল্পকলা একাডেমিতে লুটপাট ও অগ্নিসংযোগের ধ্বংসযজ্ঞ হয়েছিল। সেই ধ্বংসযজ্ঞ কাটিয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শিল্পকলা একাডেমিকে সুন্দরভাবে সাজাতে কাজ করে যাচ্ছেন। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আবারও জাগ্রত করতে তিনি লিটন ভূঁইয়াসহ কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন। তাঁর একটাই কথা-তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে পারলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
তিনি বলেন, একসময় এলাকার খেটে খাওয়া মানুষ সারা দিন কাজ করে বিকেলের ট্রেনে চাঁদপুরে আসতেন। তাঁরা সিনেমা হলে বিনোদন দেখে আবার রাত ৯টার ট্রেনে বাড়ি ফিরে যেতেন। তাঁরা কখনো মাদকের সঙ্গে সম্পৃক্ত হননি। তেমনি বর্তমান তরুণ প্রজন্ম যাতে মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত না হয়, সেজন্য তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এ বছরকে নজরুল বর্ষ ঘোষণা করার পর চাঁদপুর শিল্পকলা একাডেমি আবারও জাগ্রত হয়ে উঠেছে। চাঁদপুর থিয়েটার ফোরামের নাট্যোৎসবের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। থিয়েটার ফোরামের দায়িত্ব হাবিবুর রহমান ও এমআর ইসলাম বাবু নেওয়ার পর প্রবীণদের সহযোগিতায় এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। তাঁদের হাত ধরেই চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেরিন ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আক্তার হোসেন। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে অনুভূতি ব্যক্ত করেন এপিপি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন আরাফাত।
এর আগে বিকেল সাড়ে ৪টায় সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর পরিচালনায় শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজাহান আলীর রচনায় চাঁদপুর নটমঞ্চের পরিবেশনায় ‘তামাশা’ নাটক মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন পিএম বিল্লাল হোসাইন।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পিএম বিল্লাল হোসাইন, মরিয়ম আক্তার রাহা, মুক্তা আক্তার, মাসুদ পারভেজ, দুলাল সরকার (অতিথি), উজ্জ্বল হোসাইন, কবির হোসেন মিজি, এমআর শাহআলমসহ অনেকে।


