স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মতলব উত্তর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষিকা এ আর জুতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এবং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য বাতিঘর। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে নজরুলের দর্শন অনুসরণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির কালজয়ী সাহিত্যকর্ম, সংগীত ও জীবনদর্শন তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা আরও বিকশিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে মতলব উত্তর উপজেলায় বছরব্যাপী বিভিন্ন প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের চর্চা ও প্রচার করা হবে।
পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিতি বাড়াতে বিভিন্ন আয়োজন করা হবে। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা সমাজে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


