স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদে শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখা।
১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শাহরাস্তি পৌরসভার প্রাণকেন্দ্র নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস শাহরাস্তি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
তিনি বলেন, দেশ ও জাতির শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআনবিরোধী আইন প্রত্যাহার করে ইসলামী ও কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলনের মাধ্যমে কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা শরীফ হুসাইনসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ।


