স্টাফ রিপোর্টার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে মেহের উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নায়নগর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রনি।
উঠান বৈঠকে সাইফুল ইসলাম রনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, নাগরিক সেবা সহজীকরণ এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এ সময় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উঠান বৈঠককে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
বক্তব্য দেন মোঃ শফিকুর রহমান, মোঃ সেলিম মিয়া, মোঃ বিল্লাল হোসেন, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ আমির হোসেন। উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, সিরাজ মোল্লা, মোহাম্মদ মাসুদ রানা, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ ভুট্টু মিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, সাইফুল ইসলাম রনি ইতোপূর্বে মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মেহের উত্তর ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


