শাহরাস্তির ঋষিবাড়ীতে বিশ্বকর্মা পূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী আক্তার হোসেন

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নিজমেহার ঋষিবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নিজমেহার ঋষিবাড়ীর হরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শাহরাস্তি পৌরসভার মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে আক্তার হোসেন পাটোয়ারী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে।”

তিনি আরও বলেন, বিশ্বকর্মা পূজা আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হোক—এটাই প্রত্যাশা। বিশ্বকর্মা পূজা উপলক্ষে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমেদ, ঋষিবাড়ী হরি মন্দিরের সভাপতি জহল্লাল ঋষি, পূজা কমিটির সভাপতি নিতীশ ঋষি ও দীপেন ঋষিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়। এ আয়োজনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করা হয়।