স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ও পুরানবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। রোববার (২১ সেপ্টেম্বর) তিনি বিদ্যালয় দুটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে অংশ নেন। পরে প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকমণ্ডলীর সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ ক্লাসের ব্যবস্থা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করেন জেলা শিক্ষা অফিসার।
তিনি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা আয়োজনের নির্দেশনা দেন। একই সঙ্গে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন। এসব সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিবছর বিজ্ঞান মেলা আয়োজন এবং লাইব্রেরি সচল রাখার ওপরও গুরুত্ব দেন।
এছাড়া সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন এবং নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের বাকপটু ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ডিবেট ক্লাব কার্যক্রম জোরদার করার কথাও বলেন তিনি। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং কার্যক্রম জোরদার এবং বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


