চাঁদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশিপ শুরু

স্টাফ রিপোর্টার

মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশিপ-২০২৬ শুরু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানোর লক্ষ্যেই এ আয়োজন।

তারা আরও জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকশিত হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।