মানিক দাস
চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শ্রমজীবী মো. ওসমান গাজী।
ওসমান গাজী বর্তমানে রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে চর বাকিলা গ্রামের সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে আসছেন।
স্থানীয় উন্নয়ন ও জনসেবার বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে ওসমান গাজী বলেন, গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের সেবা করার ইচ্ছা থেকেই তিনি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যাতে সরকারি সেবা পেতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, তাঁর ওয়ার্ডের অন্যতম সমস্যা কাঁচা রাস্তা। বর্ষাকালে এসব রাস্তার কারণে এলাকাবাসী দুর্ভোগে পড়েন। নির্বাচিত হলে কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
ওসমান গাজী বলেন, “আমি এই ইউনিয়নের চর বাকিলা গ্রামের স্থায়ী বাসিন্দা। আমার বাবা মরহুম আনা মিয়া একজন খেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন। আমিও একজন শ্রমজীবী। মানুষের পাশে থেকে সেবা করাই আমার মূল উদ্দেশ্য।”
নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী এবং বর্তমানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জনপ্রতিনিধি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ওয়ার্ডের সব মানুষের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ওয়ার্ডবাসীর মতামত ও উৎসাহে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন ওসমান গাজী।


