চাঁদপুরে সারের ঘাটতি হবে না || আহমেদ জিয়াউর রহমান

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে সার ডিলার ও সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভায় জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে সারের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কৃষকরা যাতে সহজে ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি করা যাবে না।

তিনি ডিলারদের নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে সার বিক্রি করার নির্দেশনা দিয়ে বলেন, চাঁদপুরে যে পরিমাণ সার প্রয়োজন, তা মজুত রয়েছে। তাই কৃষকদের চিন্তিত হওয়ার কারণ নেই। কৃষিজমিতে প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারের জন্যও কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, সারের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসন, কৃষি বিভাগ, জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনা মনিটরিং করছে।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সার ডিলার, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।