ভবনে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেল শরীর

স্টাফ রিপোর্টার

মতলব দক্ষিণে নির্মাণাধীন তিনতলা ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রণয় চন্দ্র সরকার (২৮) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোবারকদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত প্রণয় চন্দ্র সরকার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা হাসমত উল্লাহ মোল্লার বাড়ির কাছে সেলিম মিয়াজির নির্মাণাধীন তিনতলা ভবনে রং করার কাজ করছিলেন প্রণয়। ভবনের ছাদের পাশে রং করার সময় অসাবধানতাবশত তার শরীর পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোমবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।