স্ত্রীর সাথে অভিমান ॥ ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরে স্ত্রীর সঙ্গে অভিমান করে রিয়াদ দর্জি (নাম) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের দাবি, স্ত্রী ঢাকায় বেড়াতে যাওয়ার পর ফিরে না আসায় অভিমান করে ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় আত্মহত্যা করেন রিয়াদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঢালির ঘাট এলাকার দর্জিবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার মালেক দর্জি ও মরিয়ম বেগমের ছেলে। তার চার বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসায় আঁখি আক্তারকে বিয়ে করেন রিয়াদ। সম্প্রতি তার স্ত্রী ঢাকায় বেড়াতে যান। পরে তিনি ফিরে না আসায় রিয়াদ অভিমান করেন। পরিবারের দাবি, এ অভিমান থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

রিয়াদের বাবা মালেক দর্জি জানান, ছেলের মৃত্যুর ঘটনায় তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সকালে পাশের ঘর থেকে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহটি নিচে নামান।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। স্থানীয়রা জানান, রিয়াদ আগাস মার্কেটের সামনে একটি তিনশ টাকার দোকানে চাকরি করতেন।

এদিকে রিয়াদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে চার বছর বয়সি শিশুকন্যার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।