ফরিদগঞ্জে নবাগত ইউএনও’র সাথে লায়ন হারুনুর রশিদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশীদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

লায়ন মোঃ হারুনুর রশীদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি।

সাক্ষাৎকালে তিনি নবাগত ইউএনওকে ফরিদগঞ্জে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।

আলোচনায়, রাষ্ট্রীয় ও প্রশাসনিক বিভিন্ন কর্মসূচি এবং জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ডে বিএনপির ইতিবাচক অংশগ্রহণ ও সমন্বিত ভূমিকার বিষয়ে তিনি নবাগত কর্মকর্তাকে বিস্তারিত জানান।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ফরিদগঞ্জকে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা এবং উন্নয়নমূলক ধারা বজায় রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।