স্টাফ রিপোর্টার
রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত আধুনিক চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে পথচলা শুরু করেছে ‘মা ও শিশু হাসপাতাল’।
কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী-চতুরা নামক স্থানে হাসপাতালটির উদ্বোধন করেন হাসপাতালটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলাল।
হাসপাতালের পরিচালক আমান উল্লাহ খান ফরাবী ও মো. কামাল হোসেনের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, ক্যামিষ্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলী হায়দার টিপু পাঠান, হাসপাতালের ভাইস চেয়ারম্যান আব্দুস মালাম, ব্যবস্থাপনা পরিচালক সুজন চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন, পরিচালক প্রশাসন তাফাজ্জল হোসেন পাটওয়ারী, পরিচালক অর্থ সালাউদ্দিন, মার্কেটিং পরিচালক মেহেদী হাসান, পরিচালক সদস্য খোরশেদ আলম পাটওয়ারী, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, মা ও শিশু হাসপাতাল সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেবে এবং এলাকার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহাবুব আলম এবং দোয়া পরিচালনা করেন তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং আধুনিক যন্ত্রপাতি ও প্যাথলজিক্যাল সুবিধাসম্পন্ন এই হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি সেবা এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু থাকবে। এছাড়া সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের অপারেশন করা হবে। এছাড়াও রোগীদের কল্যাণ তহবিলের মধ্যদিয়ে দরিদ্র ও গরিব অসহায়দের চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


