চাঁদপুরে নজরুল কর্নার ও স্থানীয় লেখক কর্নার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার

নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ ও চাঁদপুর জেলার স্থানীয় লেখকদের প্রকাশিত পুস্তক নিয়ে ‘স্থানীয় লেখক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত আলোচনা সভা শেষে ফিতা কেটে কর্নার দুটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘সেবা দান প্রতিশ্রুতি বাস্তবায়নে সেবা গ্রহীতাদের সঙ্গে সরাসরি অভিমত আদান-প্রদান’ করেন। এ সময় তিনি পাঠক ও সেবা গ্রহীতাদের বিভিন্ন পরামর্শ ও মতামত শোনেন। গণগ্রন্থাগারের বই পড়ার সুযোগ, ফ্রি ওয়াই-ফাই, নির্ধারিত বই বিতরণ এবং দেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকতে বই পড়া ও খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তারা বলেন, জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক (গবেষণা) কবি ফরিদ হাসান, কার্যকরী সদস্য নুরুন্নাহার মুন্নী, বেসরকারি সোনালী গ্রন্থাগারের পরিচালক মো. হানিফসহ শিক্ষার্থীরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গনি, কবি মোহাম্মদ হানিফ, আরিফুর রহমান শান্তসহ জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা, পাঠক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গনির রচিত ‘নজরুলের বৈচিত্র্যময় জীবন’ গ্রন্থটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।