স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর ও হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা ভলান্টিয়ার হিসেবে পূজামণ্ডপগুলোতে সহযোগিতায় থাকবে। তিনি বড় বড় পূজামণ্ডপে সোলার ব্যবস্থার উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুরোহিত ও সেবায়েতদের জন্য বেতন কাঠামোর ব্যবস্থা করা হয়েছে। যেসব মন্দির এখনো অনুদানের আওতায় আসেনি, সেগুলোকে পর্যায়ক্রমে সহযোগিতার চেষ্টা করা হবে। একই সঙ্গে তিনি জানান, মন্দিরগুলোর জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চাঁদপুর সদর-হাইমচর উপজেলার ৪৭টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


