স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে আটক করেছে সদর নৌ থানা পুলিশ। এসময় ১০ মণ ইলিশ ও ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বুধবার দিবাগত রাতে পদ্মা-মেঘনার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করে পুলিশ। পরে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৫ জেলেকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।
সদর নৌ থানার ওসি মো: আজমগীর হোসাইন বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে গত ৮ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌপুলিশ। তারই অংশ হিসেবে বুধবার রাতে নদীতে এই অভিযান পরিচালনা করা হয় এসময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে প্রায় ১০ মণ ইলিশ জব্দ করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ৫ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা তাদের ছেড়ে দেয়া হয়। বাকিদের বিরুদ্ধে ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়। জব্দকৃত জাল ও নৌকা আদালতের নির্দেশনা অনুযায়ী বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ আদালতের অনুমতি নিয়ে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুর নৌ- থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, মা ইলিশের অভয়াশ্রম ও প্রজনন সুরক্ষায় নদীতে দিন-রাত সর্বক্ষণিক ৩ থেকে ৪টি টিম টহল দিচ্ছে। কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।


