চাঁদপুরে শিশু-কিশোরদের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

কাশফুলের দোলায় প্রকৃতিতে জানান দিচ্ছে শারদীয় দুর্গাপূজার আগমনি বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। অসুর শক্তির বিনাশ ও শুভশক্তির জয়ের বার্তা নিয়ে দেবী দুর্গার আগমনে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে অসহায় শিশু-কিশোরদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় চাঁদপুর শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে সনাতনী ছাত্র জনতা ঐক্যের উদ্যোগে এবং চাঁদের আলো সামাজিক সংগঠনের সহযোগিতায় এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক লিটন মজুমদার, পৌর পূজা উদ্যাপন পরিষদের মহিলা সম্পাদক মাধুরী সাহা, সনাতনী ছাত্রজনতা ঐক্য চাঁদপুর জেলা শাখার সভাপতি কানাই দে, সাধারণ সম্পাদক রনজিৎ দাস, চাঁদের আলো সামাজিক সংগঠনের সভাপতি ফজলে রাব্বি, শুভ বর্ধনসহ দুই সংগঠনের সদস্যরা।

এ সময় অসহায় শিশু-কিশোরদের হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।