মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাসহ আটক ৮ কিশোর

স্টাফ রিপোর্টার

মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এক নেতা ও এক এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে আট কিশোরকে আটক করেছে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে আটক কিশোরদেরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। সোমবার (১৯ অক্টোবর) মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের মো. মনির হোসেন (৪৫)। তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি। অপরজন হলেন সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাতপুর গ্রামের মো. আলামিন সানা (৩৬)। তিনি ব্র্যাক এনজিওর চাঁদপুর-১ অঞ্চলের মতলব উত্তর উপজেলার লুধুয়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

পুলিশের তথ্যমতে, মনির হোসেনকে নিয়মিত মামলায় এবং আলামিন সানাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে আট কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, মাদকবিরোধী অভিযান ও কিশোর গ্যাং দমনে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।