স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে ছয় ছেলে থাকা সত্ত্বেও নিজ বাড়িতে আশ্রয় না পাওয়া ৮৫ বছর বয়সী বৃদ্ধা জয়নব ভানুর ঠাঁই হয়েছে সৌদি আরবপ্রবাসী সেজো ছেলে আনোয়ার হোসেনের ঘরে। সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পারিবারিক সমঝোতার মাধ্যমে তাঁর থাকার ব্যবস্থা করা হয়।
জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের বাসিন্দা জয়নব ভানু। ১০ সন্তানের জননী এই বৃদ্ধার ছয় ছেলে ও চার মেয়ে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলেদের কেউ তাঁকে নিজেদের ঘরে আশ্রয় দিতে রাজি হননি বলে অভিযোগ রয়েছে। পরে তিনি মেয়ে ঝর্ণা বেগমের বাড়িতে আশ্রয় নেন।
বিষয়টি নিয়ে সংবাদ দৈনিক আমার দেশ অনলাইনে প্রকাশিত হলে মঙ্গলবার শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জয়নব ভানুর বাড়িতে ছুটে যান। এ সময় মেয়ের বাড়িতে আশ্রয়ে থাকা বৃদ্ধাকে সেখানে নিয়ে আসা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা ও সমঝোতার পর তাঁকে সৌদি আরবপ্রবাসী সেজো ছেলে আনোয়ার হোসেনের ঘরে তুলে দেওয়া হয়।
ইউএনও মনিরা খাতুন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। জয়নব ভানুর ছয় ছেলের প্রত্যেকেরই পাকা ভবন রয়েছে, অথচ কারও বাড়িতে মায়ের জন্য একটি কক্ষ নেই।’
তিনি আরও জানান, আপাতত জয়নব ভানুকে তাঁর সেজো ছেলের বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি নিয়মিত তদারকি করবে। দুই মাস পর তিনি নিজে আবার ওই বাড়িতে গিয়ে বৃদ্ধার খোঁজখবর নেবেন। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকেও বিষয়টি নজরদারিতে রাখতে বলা হবে।
বৃদ্ধা মায়ের শেষ বয়সে সন্তানদের কাছে আশ্রয় না পাওয়ার ঘটনায় এলাকায় দুঃখ ও আলোচনার সৃষ্টি হয়। প্রশাসনের উদ্যোগে আপাতত তাঁর থাকার ব্যবস্থা হলেও ভবিষ্যতে তিনি সেখানে কতটা নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারবেন, তা নিয়মিত তদারকির মাধ্যমে নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।


