চাঁদপুরে হেফাজত ইসলামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে বিতর্কিত সংগঠন ‘ইস্কন’ (ওঝকঈঙঘ)-কে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে এর কার্যক্রম নিষিদ্ধ এবং চাঁদপুরের একটি স্থানীয় মন্দির বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা। গতকাল সকালে চাঁদপুর শহরের জজ কোর্ট চত্বরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইসকন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেশে এক অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে ধর্মান্তরের নামে প্রলোভন ও প্রতারণা এবং প্রেমের ফাঁদে ফেলে নারী পাচারের মতো মারাত্মক অভিযোগ তোলেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় চাঁদপুর জেলা হেফাজতের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট স্থানীয় দাবি উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ অবিলম্বে চাঁদপুর শহরের মুনসেফ পাড়ায় অবস্থিত ‘শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির’ এর যাবতীয় কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে ‘ধর্মান্তরের নামে ইসকনের প্রতারণা ও প্রলোভন বন্ধ কর’, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পক্ষের শক্তি ইসকন নিষিদ্ধ কর’ এবং ‘চাঁদপুরের মাটিতে ইসকন মন্দির বন্ধের দাবি বাস্তবায়ন কর’ ইত্যাদি স্লোগান লেখা দেখা যায়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে হেফাজতে ইসলামের চাঁদপুর জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে জজ কোর্ট ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।