চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্রিজে বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ এবং ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে তাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির অপরাধে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।

অভিযানকালে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।