স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। শনিবার (২ নভেম্বর) মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে দুপুর ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত পরিচালিত হয় বিশেষ এই অভিযান। অভিযান পরিচালিত হয় সদর উপজেলার বহরিয়া, আনন্দবাজার, সফরমালি বাজার, কানুদি ঘাট, লালপুর, আমিরাবাদ, রাজরাজেশ্বর, এবং উত্তর মতলব উপজেলার চরউমেদ ও বড়চর এলাকায়।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রহমান, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন, সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ , কোষ্ট গার্ড এর অফিসার ও ফোর্স , সদর নৌ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে ২৭ জন জেলেকে নৌকাসহ আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার অফিসার বাদী হয়ে চাঁদপুর সদর থানায় এবং মোহনপুর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অভিযানের সময় প্রায় ২ লক্ষ মিটার অবৈধ জাল উদ্ধার করে জব্দ করা হয়। যা নদীতে পাতা অবস্থায় এবং আটককৃত নৌকা থেকে জব্দ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


