মো. ফাহাদ:
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’- এই পতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের অফিস সহকারী হুমায়ুন কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, “নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রাখছেন। নারী পুরুষের সহাবস্থানই দেশকে এগিয়ে নিতে পারবে। আমাদের সমাজে মেয়েরা তখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, যখন মেয়েদেরকে যথাযথ সম্মান প্রদান করা হবে ও তাদের স্বাধীনতা থাকবে। সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহ না প্রতিরোধ না করলে আমাদের সমাজে বেগম রোকেয়া জন্মাবে না”।
আরও বক্তব্য রাখেন এসআই জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য রাবেয়া আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাজমা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরুকারী মিতু রানী দেবনাথ, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুরাইয়া আক্তার, সফল জননী ফাতেমা বেগম।


