মো. মাসুদ রানা:
বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২শ তালের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। বজ্রপাত থেকে সুরক্ষার জন্য চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সরাইলকান্দি থেকে নিন্দপুর ও শিলাস্থন নতুন সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপণ করছেন স্বেচ্ছায় স্থানীয় এলাকাবাসী। বিশিষ্ট শিক্ষানুরাগী মো. রফিকুল ইসলাম রনির সার্বিক সহযোগিতায় ও তার নিজ অর্থায়নে ও স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সুজনের উদ্যোগে ওই সড়কের প্রায় ১২শ তালের চারা রোপন করা হচ্ছে। তাছাড়া ওই এলাকার বিভিন্ন সড়কের পাশে স্বেচ্ছায় এসব চারা রোপণের কর্মসূচি নিয়েছেন। তার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
তালের চারা রোপনের উদ্যোক্তা ও ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন বলেন, এক সময়ে এ স্থানে কোনো সড়ক ছিল না, নিজ প্রচেষ্টায় সরকারি ভাবে নতুন করে এ রাস্তা নির্মান করা হয়েছে। এলাকার শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনি ভাই এ নতুন সড়কে ১২শ তালের চারা রোপনের উদ্যোগ গ্রহন করেছেন। এরই মধ্যে কিছু রোপণ কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে অন্য সড়কগুলোতেও তালের চারা রোপণে কাজ শুরু করা হবে। তাছাড়া তিনি এলাকায় মসজিদ,মাদ্রাসা,ঈদগাঁ থেকে শুরু করে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা পালন করছেন এবং আর্থিক সহযোগিতায় এগিয়ে আসছেন। পাশাপাশি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ থেকে শুরু করে অসহায়-গরীব পরিবারকে আর্থিক সহায়তা করছেন।
স্থানীয় অধিবাসী মোজাম্মেল হক লিটন, সাহাবুদ্দিন সরকারসহ একাধিক লোকজন বলেন, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকায় তালগাছ রোপণের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সামাজিক দায়বদ্ধতা থেকে তার এই কল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিআরবি কেবলস এর ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম রনি বলেন, এলাকায় পরিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধ্বস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। আশা করছি আমার দেখাদেখি অন্যরা তাল গাছের বীজ রোপণে উৎসাহিত হবে।
বিতারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল ও শিক্ষক মাহবুব আলম মাষ্টার বলেন, তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা ডাল সব কিছুই আমরা ব্যবহার করি। রফিকুল ইসলাম রনি সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই খুব ভালো কাজ হচ্ছে। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কচুয়া উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, পরিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তালের চারা রোপনে যারা এমন উদ্যোগ নিয়েছে তাদের সাধুবাদ জানাই। এসব গাছ রোপণে অন্যান্যদের এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি।


