স্টাফ রির্পোটার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৮৮৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে উফশী আমন ধান, কাঁচা মরিচ, শাকসবজি, লেবু এবং বৃক্ষের চারা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।
উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. সাজ্জাদুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় ৬০০ জন আমন চাষি, ৭০০ জন শাকসবজি চাষি, ৫০ জন মরিচ চাষি, ২৫ জন লেবু চাষি এবং ৫১০ জন চারা উৎপাদনকারীসহ মোট ১ হাজার ৮৮৫ জন কৃষক-কৃষাণী বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা বলরাম সাহা, মো. মকবুল আহমেদসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


