স্টাাফ রির্পোটার:
চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার।
উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং অধিক ফলন অর্জনে সহায়তা করবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় **৭০০ জন কৃষকের** প্রত্যেককে **৫ কেজি আমন ধানের বীজ ও ২০ কেজি সার** বিতরণ করা হয়েছে। এছাড়া **৪৫০ জন কৃষককে বৃক্ষরোপণের জন্য ৫টি করে চারা এবং ৪০ কেজি সার** প্রদান করা হয়।
এছাড়া **৫০ জন কৃষককে** ১০ গ্রাম করে মরিচের বীজ ও প্রয়োজনীয় সার, **৫৫০ জন কৃষককে** ৭ প্রকারের সবজির মোট ৩০০ গ্রাম বীজ এবং **২৫ জন কৃষককে** লেবুর চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের চাষাবাদের খরচ কমবে এবং উৎপাদন বাড়াতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।


