সুমন আহমেদ:
মতলব উত্তরে গাছের নিচে চাপা পড়ে মো. জামাল আখন (৫৫) নামে এক কাঠ ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সিপাহিকান্দি গ্রামে গাছ কাটার লেবারদের সাথে কাজ করতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। নিহত মো. জামাল আখন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার আধুরভিটি গ্রামের মৃত সায়েদ আখন্দের সন্তান।স্থানীয়রা জানান, মো. জামাল আখন দীর্ঘদিন যাবত গাছ ও কাঠের ব্যবসায় করতেন। বুধবার সিপাহিকান্দি গ্রামের মোজাম্মেল হাজারীর কাছ থেকে ক্রয়কৃত মেহগনি গাছ লেবারের মাধ্যমে কর্তন করার সময় গাছে লাগানো রশি ধরে টান দিলে গাছটি উল্টে তার উপর পরে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাড়িতে বইছে শোকের মাতম। বুধবার বাদ মাগরিব নামাজের নিহতের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার স্ত্রী, ২ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মো. জামাল আখন নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


