ফরিদগঞ্জে ভ্যান চালকের বসতঘর আগুনে পুড়ে ছাই!

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

ফরিদগঞ্জ উপজেলায় হতদরিদ্র পরিবারের বসত ঘর ও পাকের ঘরে আগুন লেগে ঘরের যাবতীয় সামগ্রী সব পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনা প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। জানা যায় শনিবার ইফতারের পরে উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের মধ্য ধানুয়া গ্রামের বরকন্দাজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ক্ষতিগ্রস্ত শাহজাহান খান একজন ভ্যান চালক। এবং তিনি ঢাকায় থাকেন। তার ৪ সন্তান ও স্ত্রী সেলিনা বেগম বাড়িতেই থাকতেন। অভাবের সংসার, বিভিন্ন দিক থেকে খুঁজে এনে কোন রকমে সংসার চলে। ঘটনার দিন সেলিনা তার ছেলেমেয়েদের নিয়ে পার্শ্ববর্তী এলাকায় তার বাপের বাড়িতে যায়। ইফতারের পর খবর পায় তার ঘরে আগুন লেগেছে। ততক্ষণে তিনি বাড়িতে এসে দেখেন আগুন পুড়ে তার সব শেষ হয়ে গেছে। এবং এলাকাবাসী ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেলিনা বেগম বলেন, তার চারটি সন্তান নিয়ে অভাবের সংসার। এখন আবার এত বড় ক্ষতি হয়ে তার সব শেষ হয়ে গেল। তিনি বলেন তার ঘরে কোন বিদ্যুৎ ছিল না এবং আগুন লাগার কোন সম্ভাবনাই ছিল না। তার ধারণা অন্য কেউ হয়তো তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। অন্যদিকে এলাকার বাবুল শেখ নামের একজন বলেন, পরিবারটি একেবারেই অসহায়। আগুন লাগার মত ঘরে কিছুই ছিল না, কিন্তু কে বা কারা হয়তো ঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি এ অসহায় পরিবারটির প্রতি সকলের সহযোগিতা কামনা করেন।