ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাসের হার বিগত বছরের তুলনায় কম হলেও সদকিরামপুর দাখিল মাদ্রাসার ফলাফল একেবারে শোচনীয়। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থীই এ বছর উত্তীর্ণ হতে পারেনি। এনিয়ে সমালোচনার ঝড় উঠছে শ্যোশাল মিডিয়াতে। যদিও ওই সাদ্রাসা থেকে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি। এবিষয়ে অধক্ষ্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
২০২৫ এসএসসি ও সমমানের প্রকাশিত ফলাফল অনুযায়ী উপজেলার ৪৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়, ৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১ হাজার ৯১২ জন। পাসের হার ৫৩ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে।
অন্যদিকে দাখিল পরীক্ষায় ৫২টি মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬৮৫ জন। পাস করে ১ হাজার ২৯৩ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। এর মধ্যে পুরাণ রামপুর আলিম মাদ্রাসা থেকে সর্বোচ্চ ৫ জন এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে ভোকেশনাল শাখার ৩টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৮৩ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ জন। পাসের হার ৬৩ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।
উপজেলায় এসএসসি ও সমমানের জিপিএ-৫ অর্জন করেছেন মোট ১২৬ জন শিক্ষার্থী।


