লেখালেখি করে এগিয়ে যাচ্ছেন চাঁদপুরের রাসেল ইব্রাহীম

১৯৯৬ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামে জন্ম নেন রাসেল ইব্রাহীম। বাবা নূরুল আমিন, মা রিনা বেগম। চাঁদপুর সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি সম্পন্ন করে বর্তমানে তিনি আদর্শ একাডেমি ফরিদগঞ্জে বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত।

পেশায় শিক্ষক হলেও লেখালেখিই তাঁর নেশা। তিনি একাধারে কবি, গীতিকার, কলামিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে— তুমি অপরা (উপন্যাস), প্রেমবিদ্যা (সম্পাদিত), চমৎকার পদার্থবিজ্ঞান এবং প্রকাশিতব্য কাব্যগ্রন্থ বোবাদের এই দেশে (বইমেলা ২০২৬)।

গীতিকার হিসেবেও তিনি সমান পরিচিত। তাঁর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে আছে— আমার একটা তুমি ছিল (এস ডি রুবেল), মীরজাফরের বংশধর (পরান আহসান), একটা চাকরি চাই (সাগর তালুকদার), আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল (এস ডি রুবেল) প্রভৃতি।

লেখালেখি প্রসঙ্গে রাসেল ইব্রাহীম বলেন—

“আমি সপ্তম শ্রেণি থেকে লেখালেখির চেষ্টা করি। লেখক হওয়ার স্বপ্ন তখন থেকেই। যা মুখে বলতে পারি না কিংবা সাহস পাই না, তা লেখার মাধ্যমে পাঠক–শ্রোতাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি।”

উল্লেখ্য যে, লেখালেখির মাধ্যমে তিনি ইতোমধ্যেই কবিদের কবি নির্মলেন্দু গুণসহ অনেকের প্রশংসা অর্জন করেছেন।