চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক-৪

স্টাফ রির্পোটার:

চাঁদপুর শহরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের (এসপি) সরাসরি নেতৃত্বে রাতব্যাপী এক অভিযানে নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

শহরের মাদক কেনাবেচা, সেবন এবং অনৈতিক কর্মকাণ্ডের স্পটগুলোতে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের কয়লাঘাট যমুনা রোড, রকেট ঘাট এবং চাঁদপুর প্রেসক্লাবের পেছনের জঙ্গল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রকেট ঘাট এলাকা থেকে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। এছাড়া, প্রেসক্লাবের পেছনের জঙ্গল এলাকায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক প্রবাসী এবং এক নারীকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকালে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) নুর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের এই ধারাবাহিক ও কঠোর অভিযানে শহরবাসীর মধ্যে স্বস্তি এবং নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে চলমান এসব অভিযানের মাধ্যমে দীর্ঘমেয়াদে অপরাধ নিয়ন্ত্রণে কতটা ইতিবাচক পরিবর্তন আসে, এখন সেটিই দেখার বিষয়।